পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ডি এম হারুন আর রশিদ (মুন্না), আজাদ বার্তা।
খান সাহেব ও খান বাহাদুর উপাধিতে ভূষিত বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী ইমদাদুল হকের ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় পাইকগাছা নতুন বাজার চত্বরে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শংকর প্রসাদ দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, উপজেলার অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা, লেখক, কবি ও সুরকার মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডাক্তার অশোক কুমার ঘোষ এবং শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শংকর মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাহেব আলী, সাংবাদিক ফারুক হোসেন ও সাংবাদিক ডি এম হারুন আর রশিদ (মুন্না)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও কলামিস্ট এবং কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
আলোচনা সভায় প্রধান অতিথি শংকর প্রসাদ দত্ত কাজী ইমদাদুল হকের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম তুলে ধরা এবং তাঁর জীবনাদর্শ ও সৃষ্টিশীলতাকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা কাজী ইমদাদুল হকের সাহিত্যকর্ম, জীবন ও বাংলা সাহিত্যে তাঁর অবদান তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাহিত্যপ্রেমী, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

