আজাদ বার্তা ডেস্ক | ৪ আগস্ট ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে যৌথ ডিগ্রি কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফুদান বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ফুদান বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করে।
ফুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. চেন ঝিমিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে।
প্রতিনিধিদলে ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিং ঝাং, অধ্যাপক ইন ঝিগুয়াং এবং অধ্যাপক ঝেং ইউসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চায়না স্টাডিজ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দ্বৈত ডিগ্রি বা ডুয়াল-ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা গুরুত্ব পায়।
এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও এ বিষয়ে দক্ষ জনবল তৈরির প্রয়োজন বাড়ছে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভাব্য এই একাডেমিক সহযোগিতা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের এআই বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ভিজিটিং ফেলোশিপের সুযোগ নিয়েও আলোচনা হয়। ফুদান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক কার্যক্রম ও এআই গভর্ন্যান্স বিষয়ে গবেষণা শক্তিশালী করতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়।
চীনের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ফুদান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আলোচনা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উচ্চশিক্ষায় দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে।




