পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমান (রহ.)-এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাদ আসর পাইকগাছা পৌরসভার আল-আমিন রোডে অবস্থিত সীরাতুল হুদা ট্রাস্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও খুলনা জেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সারোয়ার।
এ সময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল মমিন সানা, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর (রুলু), গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), গদাইপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা আবুল বাশার, পৌর সহ-সভাপতি মো. সফিয়ার রহমান, মুফতি মাওলানা আব্দুল কাদির, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন, পৌর সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক শিবির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি মোহাম্মদ তামিম রায়হান, জামায়াত নেতা শেখ মুরশাফুল আলম ও মো. সোহেল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সামাজিক অবদান ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শামসুর রহমান ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাংবাদিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, আদর্শ, নেতৃত্ব এবং সমাজের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা মরহুমের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও অবদান তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব শামসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর পরিবার-পরিজনসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।



